জনস্বার্থে ভাঙা ল্যাম্পপোস্ট মেরামত করে জনগুরুত্বপূর্ণ স্থানে প্রতিস্থাপন করেন যুবদল নেতা মহিম

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৪:১৪ পূর্বাহ্ণ
জনস্বার্থে ভাঙা ল্যাম্পপোস্ট মেরামত করে জনগুরুত্বপূর্ণ স্থানে প্রতিস্থাপন করেন যুবদল নেতা মহিম

ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়ে দীর্ঘদিন পড়ে থাকা একটি সোলার ল্যাম্পপোস্ট নিজ অর্থায়নে মেরামত করে প্রায় ৫০ গজ দূরে অন্য একটি স্থানে পুনঃস্থাপন করেছেন সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহি উদ্দিন মহিম।

ল্যাম্পপোস্টটি স্থানান্তর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হলেও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ও সরেজমিন পরিদর্শনে জানা গেছে, আগের তুলনায় বর্তমান স্থানটিতে রাতে মানুষের চলাচল ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম বেশি থাকায় জনস্বার্থ বিবেচনায় এটি সেখানে স্থাপন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ গেইট এলাকায় স্থাপিত ল্যাম্পপোস্টটি ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়। এতে বাল্ব, পিলার ও সোলার প্যানেল নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন অচল অবস্থায় পড়ে থাকার পর মহি উদ্দিন মহিম নিজ অর্থায়নে এটি মেরামত করেন। পরে আগের স্থান থেকে প্রায় ৫০ গজ পূর্বে ল্যাম্পপোস্টটি পুনঃস্থাপন করা হয়।

নতুন স্থানের আশপাশে রয়েছে কয়েকটি কোচিং সেন্টার, আইসিটি ইনস্টিটিউট, মসজিদ, ফুড ফ্যাক্টরি ও বিভিন্ন দোকানপাট। স্থানীয়দের ভাষ্য, কলেজ গেইট এলাকায় থাকা ল্যাম্পপোস্টটি স্কুল-কলেজ ছুটির পর, বিশেষ করে বিকেল ৪টার পর রাতে তেমন কাজে আসত না। অন্যদিকে বর্তমান স্থানে সন্ধ্যার পর শিক্ষার্থী, মুসল্লি, শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের চলাচল থাকায় ল্যাম্পপোস্টটির প্রয়োজনীয়তা বেশি।

সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর বর্তমান স্থানের আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে মানুষের যাতায়াত রয়েছে। মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লি, কোচিং ও আইসিটি ইনস্টিটিউটে আসা শিক্ষার্থী এবং ফুড ফ্যাক্টরির শ্রমিকদের চলাচলের জন্য ল্যাম্পপোস্টের আলো ব্যবহার হচ্ছে। স্থানীয়দের মতে, আগের অবস্থানের তুলনায় বর্তমান স্থানটি রাতে জনসাধারণের জন্য বেশি গুরুত্বপূর্ণ।

ল্যাম্পপোস্ট স্থানান্তরের বিষয়টি চরজুবিলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, চরজুবিলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং সুবর্ণচর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আবদুল মালেক অবগত আছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। স্থানীয়দের দাবি, নতুন স্থানে ল্যাম্পপোস্ট স্থাপনের পর স্থানীয় জনগণ ও নেতৃবৃন্দ মহি উদ্দিন মহিমকে ধন্যবাদ জানান।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ল্যাম্পপোস্ট স্থানান্তর নিয়ে বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা এবং সরেজমিনে পরিদর্শনে স্থানান্তরের পেছনে জনস্বার্থের বিষয়টি উঠে এসেছে।

সুবর্ণচর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, “জনস্বার্থে সরকারি বা জনসম্পৃক্ত কোনো অবকাঠামো মেরামত ও পুনঃস্থাপনের ক্ষেত্রে প্রকৃত তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা ঠিক নয়। ল্যাম্পপোস্টটি সচল হওয়ায় রাতে স্থানীয়দের চলাচলে নিরাপত্তা ও সুবিধা দুটোই বেড়েছে।”

অভিযোগের বিষয়ে মহি উদ্দিন মহিম বলেন, “আমাদের বাড়ির গেইট থেকে ল্যাম্পপোস্ট লাগানো স্থান প্রায় ২০০ ফুট দূরে। বাড়ির দরজার আশপাশে রাতে মানুষের যাতায়াত হয়—এমন কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও ফ্যাক্টরি রয়েছে। এসব প্রতিষ্ঠানে রাতে মানুষের চলাচলের বিষয়টি বিবেচনা করে দীর্ঘদিন ভেঙে পড়ে থাকা ল্যাম্পপোস্টটি প্রকৃত প্রয়োজনীয় স্থানে লাগানোর ব্যবস্থা করি। বিষয়টি না বুঝেই অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন।”

তিনি বলেন, “ল্যাম্পপোস্টটি নিজের অর্থায়নে মেরামত করে সচল করা হয়েছে। এটি কোনো ব্যক্তিগত সুবিধার জন্য সরানো হয়নি। বরং যেখানে মানুষের প্রয়োজন বেশি, সেখানেই স্থাপন করা হয়েছে।”

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ল্যাম্পপোস্টটি মেরামত করে পুনরায় সচল হওয়ায় তারা উপকৃত হচ্ছেন। তবে স্থানান্তর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে আলোচনা চলছে, তা নিয়ে প্রকৃত তথ্য যাচাই করে মতামত দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।