একদিকে মরণব্যাধির সঙ্গে লড়াই, অন্যদিকে চিকিৎসার বিপুল ব্যয় মেটানোর দুশ্চিন্তা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ মো. মিলন (৩৫) বোনম্যারো রোগে আক্রান্ত হয়ে এখন হাসপাতালের বিছানায়। পাঁচ বছরের ছোট্ট ছেলে আর আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে তাঁর পরিবারে নেমে এসেছে অনিশ্চয়তার চিন্তা। অর্থের অভাবে যখন চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে, তখনই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবিলী ইউনিয়নের চর মহিউদ্দিন এলাকার বাসিন্দা মিলনের অসুস্থতা ও আর্থিক সংকটের কথা জানিয়ে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হয়। বিষয়টি নজরে আসার পর নাছির উদ্দীন নাছির স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে মিলনের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহযোগিতা করেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বোনম্যারো রোগে আক্রান্ত মিলনের চিকিৎসা চালাতে গিয়ে পরিবারটি আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ইতোমধ্যে ধারদেনা করে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় করেছেন স্বজনেরা। কিন্তু চিকিৎসার জন্য আরও বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় এখন তাঁরা অসহায় হয়ে পড়েছেন। পরিবারের দাবি, মিলনের চিকিৎসা সম্পন্ন করতে প্রায় ১৫ লাখ টাকা প্রয়োজন।
মিলনের বাবা কাইয়ুম মিস্ত্রি। দিনমজুর পরিবারের পক্ষে এত বিপুল অর্থ জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে মিলনের পাঁচ বছর বয়সী একটি ছেলে রয়েছে। তাঁর স্ত্রী আফসানা আক্তার আট মাসের অন্তঃসত্ত্বা। একদিকে স্বামীর জীবন নিয়ে উৎকণ্ঠা, অন্যদিকে অনাগত সন্তানের ভবিষ্যৎ—সব মিলিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে তাঁর।
মিলনের স্ত্রী আফসানা আক্তার বলেন, “আমার স্বামীর চিকিৎসার জন্য ইতোমধ্যে ধারদেনা করে প্রায় পাঁচ লাখ টাকা খরচ করেছি। আমাদের পক্ষে এত বড় অঙ্কের টাকা জোগাড় করে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আমার পাঁচ বছরের সন্তান আছে, আর আমি আট মাসের অন্তঃসত্ত্বা। আমার সন্তান যেন বাবাকে হারিয়ে এতিম না হয়, সেই আকুতি জানাচ্ছি। আল্লাহর ওয়াস্তে দেশের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আমার স্বামীর চিকিৎসার জন্য সহযোগিতা চাই।”
মিলনের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেটা অনেক দিন ধরে অসুস্থ। ছেলের চিকিৎসা করাতে গিয়ে আমাদের সবকিছু প্রায় শেষ হয়ে গেছে। এত টাকা জোগাড় করার সামর্থ্য আমাদের নেই। ছেলের ছোট্ট একটা সন্তান আছে, তার স্ত্রীও আট মাসের অন্তঃসত্ত্বা। ছেলের কিছু হয়ে গেলে এই পরিবারটাকে কে দেখবে? একজন মা হিসেবে সন্তানের এমন কষ্ট সহ্য করা আমার পক্ষে খুব কঠিন। আমি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আকুল আবেদন জানাই, আপনারা আমার ছেলেটার চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনাদের একটু সহযোগিতায় হয়তো আমার ছেলেটা আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। আমি আমার সন্তানকে বাঁচাতে চাই।”
পরিবারের সদস্যরা জানান, আর্থিক সংকটের কারণে মিলনের চিকিৎসা নিয়ে তাঁরা যখন দিশেহারা, তখন নাছির উদ্দীন নাছিরের উদ্যোগ তাঁদের মনে নতুন আশার সঞ্চার করেছে। তবে হাসপাতালের শয্যার ব্যবস্থা হলেও চিকিৎসার ব্যয় বহন করতে প্রয়োজন আরও আর্থিক সহযোগিতা।
এ অবস্থায় মিলনের চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও মানবিক সংগঠনগুলোর প্রতি সহযোগিতার আবেদন জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের আশা, সবার সম্মিলিত সহায়তায় মিলন সুস্থ হয়ে আবারও স্ত্রী-সন্তানের কাছে ফিরে আসবেন, পরিবারে ফিরবে স্বাভাবিক জীবনের স্বপ্ন।
মিলনকে বাঁচাতে এখন প্রয়োজন মানুষের মানবিক সহায়তা। পাঁচ বছরের শিশুসন্তান ও অনাগত সন্তানের মুখের দিকে তাকিয়ে স্বামীর সুস্থতার আশায় দিন গুনছেন আফসানা আক্তার। তাঁদের এই কঠিন সময়ে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বজনেরা।