জটিল রোগে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আসতে হয় নোয়াখালীর অনেক মানুষকে। কারও প্রয়োজন জরুরি অস্ত্রোপচার, কারও আবার আইসিইউ। কিন্তু ঢাকার হাসপাতালে ভর্তি, চিকিৎসকের সঙ্গে যোগাযোগ কিংবা জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে গিয়ে বিপাকে পড়েন অনেক রোগীর স্বজন। বিশেষ করে আর্থিক সংকটের পাশাপাশি ঢাকায় পরিচিতজন না থাকায় তাঁদের ভোগান্তি আরও বেড়ে যায়। এমন পরিস্থিতিতে নিজ এলাকার রোগীদের পাশে দাঁড়াচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

নোয়াখালী-০৪ আসনের সদর ও সুবর্ণচর উপজেলার মানুষের চিকিৎসাসংক্রান্ত সহযোগিতার জন্য তিনি গড়ে তুলেছেন একটি কুইক রেসপন্স টিম। সংশ্লিষ্টদের ভাষ্য, রোগীর জরুরি অবস্থা বিবেচনায় দলটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ, ভর্তি ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে সমন্বয়ের চেষ্টা করে। এ পর্যন্ত প্রায় ২০০ জন সংকটাপন্ন রোগীর চিকিৎসাসংক্রান্ত সহায়তায় কাজ করেছে দলটি।

এই সহযোগিতা পাওয়া কয়েকজন রোগী ও তাঁদের স্বজনের অভিজ্ঞতায় উঠে এসেছে সংকটের সময়ে পাশে পাওয়া নাছির উদ্দীন নাছিরের কথা।

উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রয়োজন ছিল নোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্যার বাসিন্দা কামরুল আহসানের। কিন্তু দুই দফায় ভিসার আবেদন করেও তা না পাওয়ায় অনিশ্চয়তায় পড়েন তিনি। পরে নাছির উদ্দীন নাছিরের সহযোগিতায় ভিসা পেয়ে ভারতে গিয়ে চিকিৎসা ও অস্ত্রোপচার করান। বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে কামরুল আহসান লেখেন, “উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে দুই দফায় ভিসার আবেদন করেও ব্যর্থ হই। এমন পরিস্থিতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভাই ভিসা প্রাপ্তিতে সহযোগিতা করেন। তাঁর সহযোগিতায় ভারতে গিয়ে চিকিৎসা ও অস্ত্রোপচার সম্পন্ন করেছি। বর্তমানে অনেকটাই সুস্থ। দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নের বাসিন্দা আকবর হোসেনের বাবা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে জরুরি অস্ত্রোপচার ও আইসিইউর প্রয়োজন হয়। চিকিৎসকদের পরামর্শে তাঁকে নোয়াখালী থেকে ঢাকায় নেওয়া হয়। কিন্তু হাসপাতালে আইসিইউর ব্যবস্থা করতে গিয়ে বিপাকে পড়ে পরিবারটি।

আকবর হোসেনের ভাষ্য, টানা চার দিন চেষ্টা করেও বাবার জন্য আইসিইউর ব্যবস্থা করতে পারেননি তাঁরা। পরে নাছির উদ্দীন নাছিরের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাবাকে ভর্তি করানো সম্ভব হয়। সেখানে অস্ত্রোপচারের পর ১৫ দিন আইসিইউতে থাকতে হয় তাঁকে।

আকবর হোসেন বলেন, “বাবার চিকিৎসা নিয়ে আমরা যখন দিশেহারা, তখন নাছির ভাইয়ের সহযোগিতা পেয়েছি। তাঁর সহায়তায় বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করাতে পেরেছি। আমাদের পরিবার তাঁর এই সহযোগিতার কথা মনে রাখবে।”

মাত্র ২৫ বছর বয়সী ফরহাদ ফয়সাল তুষারের ডান পায়ে জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় দ্রুত অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে নাছির উদ্দীন নাছির সহযোগিতা করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, নাছির উদ্দীন নাছিরের গড়ে তোলা কুইক রেসপন্স টিমের কাছে প্রায় প্রতিদিনই কোনো না কোনো রোগীর চিকিৎসাসংক্রান্ত সহযোগিতার অনুরোধ আসে। রোগীর অবস্থা ও প্রয়োজন বিবেচনায় দলটি যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করে। বিশেষ করে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য আসা রোগীদের হাসপাতাল ভর্তি ও চিকিৎসাসেবা পেতে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয়ে ভূমিকা রাখে দলটি।

নোয়াখালীর সদর ও সুবর্ণচর উপজেলার যেসব মানুষ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আসেন, তাঁদের জন্য এ ধরনের উদ্যোগ সংকটের সময়ে সহায়ক হয়ে উঠছে বলে জানিয়েছেন সহযোগিতা পাওয়া রোগী ও তাঁদের স্বজনেরা। তাঁদের অভিজ্ঞতায়, জরুরি চিকিৎসার সময় দ্রুত যোগাযোগ ও সহযোগিতা পাওয়া রোগী এবং পরিবারের জন্য গুরুত্বপূর্ণ।

নিজ এলাকার মানুষের চিকিৎসার প্রয়োজনে নাছির উদ্দীন নাছিরের এই উদ্যোগের কথা তুলে ধরছেন সহযোগিতা পাওয়া রোগী ও তাঁদের স্বজনেরা। তাঁদের প্রত্যাশা, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।