নোয়াখালী জেলার নারীর অংশগ্রহণ, নিরাপত্তা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের সামনে উপস্থাপন করা হয়েছে। এ সময় সরকারি কর্মকর্তা, স্থানীয় কর্তৃপক্ষ ও নাগরিক প্রতিনিধিরা প্রান্তিক জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও সুপারিশ শুনে সেগুলো বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
গত ২১ জুলাই নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান)-এর যৌথ উদ্যোগে নাগরিকতা–সিভিক এনগেজমেন্ট ফান্ডের আওতায় বাস্তবায়নাধীন ‘সাম্য ও সমতার বাংলাদেশ: জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন’ প্রকল্পের অংশ হিসেবে ‘নোয়াখালী জেলায় নারীর অংশগ্রহণ, নিরাপত্তা ও সামাজিক ন্যায়বিচার’ বিষয়ক সামাজিক নিরীক্ষার ফলাফল তুলে ধরা হয়।
সামাজিক নিরীক্ষায় নোয়াখালী সদর, বেগমগঞ্জ, সোনাইমুড়ী ও সুবর্ণচর উপজেলার জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা, নারীর কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নে লিঙ্গসমতা, স্বাস্থ্যসেবায় বৈষম্য, নারীর নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে নারীর ঝুঁকি এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিদ্যমান নানা চ্যালেঞ্জ উঠে আসে। এসব বিষয়ে স্থানীয় নাগরিকদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও মতামত সভায় উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) ডা. মো. শেখ ছাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শুভ দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় কর্তৃপক্ষের প্রতিনিধি এবং সিটিজেনস গ্রুপের সদস্যরা।
ফলাফল উপস্থাপনের পর জেলা প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নেন। তারা অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা, মতামত ও সুপারিশ মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় বাস্তবসম্মত সুপারিশ বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয় এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন জিএফএ কনসাল্টিং গ্রুপ ও নাগরিকতা কর্মসূচির ডেপুটি টিম লিডার ক্যাথারিনা কনিগ, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট শবনব মোস্তারি, সিপিডির অতিরিক্ত পরিচালক (ডায়ালগ, কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ) অভ্র ভট্টাচার্য, প্রকল্প পরামর্শক মোজাহিদুল ইসলাম, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অ্যাসোসিয়েট মো. জাওয়াদুল করিম, প্রানের প্রোগ্রাম কোঅর্ডিনেটর উম্মে সালমা, ফিল্ড কোঅর্ডিনেটর মাহমুদুল হাসান, বিভিন্ন উপজেলার কমিউনিটি ভলান্টিয়ার এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিনিধিরা।
উল্লেখ্য, ‘নাগরিকতা’ কর্মসূচি সুইজারল্যান্ড, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত হচ্ছে। কর্মসূচির ব্যবস্থাপনায় রয়েছে জিএফএ কনসাল্টিং গ্রুপ।