নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচরের প্রায় চার লাখ মানুষের একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এখন গুরুতর সংকটে। দীর্ঘদিনের ভূমি জটিলতার কারণে হাসপাতালটির ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীতকরণ কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়তে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাসপাতালের নামে কাগজে-কলমে মোট ৬ একর জমি রেকর্ডভুক্ত থাকলেও বাস্তবে এর মধ্যে প্রায় ৪ একর জমি হাসপাতালের দখলে রয়েছে। বাকি প্রায় ২ একর জমি বেদখলে রয়েছে। শুধু তাই নয়, হাসপাতালের একটি অংশ অন্যের মালিকানাধীন জমিতে নির্মিত হওয়ায় সৃষ্টি হয়েছে জটিল আইনি পরিস্থিতি।
স্থানীয়দের অভিযোগ, ১৯৭৪ সালে হাসপাতাল নির্মাণের জন্য স্থানীয় তিন ব্যক্তি—হাবীব উল্লাহ, নুর মোহাম্মদ ও মোহাম্মদ উল্ল্যাহ—সরকারকে ৬ একর জমি দান করেন। তবে পরবর্তীতে সেই জমির একটি বড় অংশ দাতাদের পরিবারই দখলে রেখে সেখানে দোকানপাট ও স্থাপনা গড়ে তোলে।
অন্যদিকে অভিযোগ রয়েছে, দাতাদের একজন হাবীব উল্লাহ হাসপাতালের জমি ভরাটের দায়িত্ব পেয়ে নিজের জমি ফাঁকা রেখে পাশের ব্যক্তি মোস্তফার জমি ভরাট করে হাসপাতালের নামে বুঝিয়ে দেন। ওই সময় মোস্তফা বিদেশে থাকায় বিষয়টি টের পাননি। দেশে ফিরে তিনি আদালতের শরণাপন্ন হলে ১৯৯১ সালে নিম্ন আদালত তাঁর পক্ষে রায় দেন, যা পরবর্তীতে হাইকোর্টেও বহাল থাকে।
ফলে বর্তমানে একদিকে হাসপাতালের দানকৃত জমির একটি অংশ বেদখলে, অন্যদিকে হাসপাতালের অবকাঠামোর একটি অংশ অন্যের জমিতে—এমন দ্বিমুখী ও জটিল আইনি পরিস্থিতিতে আটকে আছে পুরো প্রতিষ্ঠানটি।
হাসপাতাল সূত্র জানায়, দলিল অনুযায়ী প্রায় ২ দশমিক শূন্য ৭ একর জমি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। একাধিকবার উপজেলা প্রশাসন, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে আবেদন করা হলেও কার্যকর অগ্রগতি হয়নি। এমনকি ২০১০ সালে নোয়াখালী সিভিল সার্জনের পক্ষ থেকেও জমি দখল নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়।
২০১৭ সালে হাসপাতালের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও অল্প সময়ের মধ্যেই তা ভেঙে ফেলার অভিযোগ রয়েছে।
বর্তমানে পুরো ৬ একর জমি নিয়ে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা চলমান রয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, প্রশাসনিক জটিলতা ও সমন্বয়হীনতার কারণে মামলার অগ্রগতি ধীরগতির, যা হাসপাতালের উন্নয়ন কার্যক্রমে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞদের মতে, দ্রুত ভূমি বিরোধ নিষ্পত্তি না হলে ১০১ শয্যার উন্নয়ন প্রকল্প কার্যক্রম ঝুঁকির মুখে পড়তে পারে। এতে সুবর্ণচরসহ পার্শ্ববর্তী এলাকার লাখো মানুষ প্রয়োজনীয় উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে।
এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে প্রশাসনিক হস্তক্ষেপ ও আইনি সমন্বয়ের মাধ্যমে হাসপাতালের সম্পূর্ণ জমি উদ্ধার করে উন্নয়ন কাজ দ্রুত শুরু করা হোক, যাতে উপকূলের এই অবহেলিত জনগোষ্ঠী ন্যূনতম স্বাস্থ্যসেবা পেতে পারে।