শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) নোয়াখালীর সুবর্ণচর উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগের ভিত্তিতে নির্ধারিত তদন্ত ও পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেছে। গত ১২ মে থেকে ১৪ মে ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।
অফিস আদেশ অনুযায়ী, গঠিত তদন্ত দলের নেতৃত্ব দেন শিক্ষা পরিদর্শক মো. মকবুলুর রহমান এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অডিটর মো. আব্দুর রউফ। তদন্ত দল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে বিভিন্ন নথিপত্র পর্যালোচনা, তথ্য সংগ্রহ এবং অভিযোগ সংশ্লিষ্ট বিষয়াদি যাচাই-বাছাই করেন।
পরিদর্শন সম্পন্ন হওয়া প্রতিষ্ঠানগুলো হলো— থানার হাট মডেল উচ্চ বিদ্যালয়, কেরামতপুর এম.এস উচ্চ বিদ্যালয় এবং চরবাটা সওদাগর হাট উচ্চ বিদ্যালয়, সুবর্ণচর, নোয়াখালী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তদন্ত চলাকালে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসন এবং শিক্ষা বিভাগের স্থানীয় কর্মকর্তারা প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। তদন্ত কার্যক্রমের মাধ্যমে অভিযোগের বিভিন্ন বিষয় যাচাই করে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে।
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের সূত্র জানিয়েছে, মাঠ পর্যায়ের তদন্ত কার্যক্রম শেষে সংগৃহীত তথ্য ও নথিপত্র বিশ্লেষণ করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করা হবে। প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।