দেশে জ্বালানি তেলের বাড়তি চাপ কমানো এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ‘ফুয়েল পাস’ কার্যক্রম চালু করেছে সরকার। নতুন এই ব্যবস্থার আওতায় নির্দিষ্ট পরিমাণ জ্বালানি নিতে এখন থেকে ব্যবহার করতে হবে ডিজিটাল ফুয়েল পাস।
এ জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে সহজেই নিবন্ধন ও ব্যবহার করা যাবে এই সেবা।
জানা গেছে, ব্যবহারকারীরা Google Play Store-এ গিয়ে “Fuel Pass” অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপটি চালু করলে দুটি অপশন দেখা যাবে— “I am Citizen” এবং “I am Fuel Station Owner/Operator”। সাধারণ ব্যবহারকারীদের “I am Citizen” অপশনটি নির্বাচন করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
নিবন্ধনের জন্য প্রয়োজন হবে মোবাইল নম্বর, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর,চেসিস নম্বর, ইঞ্জিন নম্বর, জোন, সিরিজ এবং একটি পাসওয়ার্ড। নিবন্ধন শেষে লগইন করলে ব্যবহারকারীর নাম ও গাড়ির তথ্যসহ দৈনিক, সাপ্তাহিক ও মাসিক জ্বালানি বরাদ্দ দেখা যাবে।
অ্যাপের “View Full Screen” অপশনে একটি কিউআর কোড পাওয়া যাবে, যা ফিলিং স্টেশনে স্ক্যান করে জ্বালানি সরবরাহ করা হবে। এছাড়া “History” অপশনে পূর্বে কোথায় এবং কতটুকু জ্বালানি নেওয়া হয়েছে তার বিস্তারিত তথ্যও জানা যাবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে এবং অপচয় কমবে বলে আশা করা হচ্ছে।