বাংলাদেশের রাজনীতিতে সময় এখন বদলের ইঙ্গিত দিচ্ছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের নাম ও ভূমিকা নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে। এটি কোনো আকস্মিক ঘটনা নয়; বরং দীর্ঘদিনের রাজনৈতিক প্রস্তুতি ও বাস্তবতার ধারাবাহিক ফল।
২৫ ডিসেম্বরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যে আলোড়ন, তা অনেকের বহু বছরের রাজনৈতিক অবস্থানকে প্রশ্নের মুখে ফেলতে পারে। ক্ষমতার রাজনীতিতে সময়ই শেষ পর্যন্ত সবচেয়ে বড় নিয়ামক—এ সত্য আবারও স্পষ্ট হয়ে উঠছে।
তারেক রহমানের রাজনৈতিক পরিচয় কেবল দলীয় গণ্ডিতে সীমাবদ্ধ নয়। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, জাতীয়তাবাদ ও ধর্মীয় সংস্কৃতির সঙ্গে তাঁর সম্পর্ক পারিবারিক উত্তরাধিকারের মধ্য দিয়েই গড়ে উঠেছে। এই ঐতিহাসিক সংযোগই তাঁকে সাধারণ মানুষের কাছে আলাদা করে তুলে ধরে। ফলে তাঁকে ঘিরে আগ্রহ যেমন প্রবল, তেমনি প্রত্যাশার ভারও তুলনামূলকভাবে অনেক বেশি।
এই প্রত্যাশাই বিএনপি ও তার নেতৃত্বের জন্য ভবিষ্যৎ পথকে সহজ নয়, বরং আরও কঠিন করে তুলছে। রাজনীতিতে জনপ্রিয়তা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন বাস্তবসম্মত সিদ্ধান্ত, সহনশীলতা এবং সময়োপযোগী নেতৃত্ব। আগামী দিনগুলোতে এসব গুণেরই পরীক্ষা হবে।
বিশ্ব রাজনীতির ইতিহাসে নির্বাসন থেকে ফিরে আসা নেতাদের ভূমিকা আলাদা গুরুত্ব বহন করে। দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা কিংবা ইরানের আয়াতুল্লাহ খোমেনির প্রত্যাবর্তন তাঁদের দেশের রাজনীতিকে নতুন দিকে মোড় নিয়েছিল। সে বিবেচনায় তারেক রহমানের নামও আলোচনায় আসছে—যদিও বাস্তবতা ও প্রেক্ষাপট ভিন্ন।
এখন মূল প্রশ্ন হলো—তিনি কি তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকারকে নতুন মাত্রায় নিতে পারবেন? নেতৃত্বের সেই সক্ষমতা কি দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে?
উত্তর সময়ই দেবে। তবে এটুকু বলা যায়, তারেক রহমানকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে—যার প্রভাব শুধু বিএনপিতে নয়,বরং পুরো রাজনৈতিক বাস্তবতায় ও দেশের সামগ্রিক বিষয়ে পড়তে যাচ্ছে। যার আউটপুটে দেখা যাচ্ছে তরুণদের পরিবর্তনের ভাবনাও গুরুত্ব পাচ্ছে তারেক রহমানের পরিকল্পনায়।