নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আয়োজিত একটি ক্রিকেট প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
জানা গেছে, গত ১৯ ডিসেম্বর সুবর্ণচর উপজেলায় অনুষ্ঠিতব্য “বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট প্রীতি ম্যাচ–২০২৫”-এ অংশ নেওয়ার কথা ছিল নাছির উদ্দিন নাছিরের। তবে ১৮ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা ওসমান হাদী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে, শোকের কারণে নাছির উদ্দিন নাছিরের অনুরোধে উক্ত ক্রিকেট ম্যাচের আয়োজন তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জারি করা স্থগিত নোটিশে জানানো হয়, ‘জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর মৃত্যুতে সারাদেশ শোকাহত। এমন পরিস্থিতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির শোকাহত এবং দলীয় দায়িত্ব পালনের প্রয়োজনে ঢাকায় অবস্থান করায় বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট প্রীতি ম্যাচের সকল আয়োজন স্থগিত করা হলো। পরবর্তীতে নতুন তারিখে পুনরায় আয়োজনের ঘোষণা দেওয়া হবে।’
পরবর্তীতে আয়োজকরা নতুন তারিখ নির্ধারণ করে জানান, আগামী ২৩ ডিসেম্বর মঙ্গলবার নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈকত সরকারি কলেজ মাঠে সদর ও সুবর্ণচর উপজেলা ছাত্রদলের যৌথ আয়োজনে পুনরায় অনুষ্ঠিত হবে “বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট প্রীতি ম্যাচ–২০২৫”। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের।
আয়োজক সূত্রে আরও জানা গেছে, একদিনব্যাপী এ ক্রিকেট প্রীতি ম্যাচে ‘অদম্য সদর’ ও ‘তারুণ্যের সুবর্ণচর’ নামে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের বীর উত্তম ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দিন নাছির ধানের শীষ প্রতীকের বিজয়, বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
নোয়াখালী আসছেন ছাত্রদল সম্পাদক নাছির
এ সময় তিনি তারেক রহমান ঘোষিত নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া উন্নয়নসহ মোট আটটি সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরবেন। পাশাপাশি কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের জন্য আগামীর বাংলাদেশ কেমন হবে—সে বিষয়েও দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার সম্ভাবনা রয়েছে।
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনায়েতুল ইসলাম বলেন, “বিজয়ের মাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে ধারণ করে এমন একটি আয়োজন সুবর্ণচরের মানুষের জন্য অনুপ্রেরণার। এই ম্যাচের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও ক্রীড়াচর্চা আরও বিকশিত হবে।”
এদিকে সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহি উদ্দিন মহিম বলেন, “এই ক্রিকেট ম্যাচ শুধু একটি খেলা নয়; এটি আমাদের আদর্শ, ইতিহাস ও ভবিষ্যৎ রাজনীতির বার্তা বহন করবে। আমরা প্রত্যাশা করি, সর্বস্তরের মানুষ মাঠে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করবেন।”
সদর ও সুবর্ণচর উপজেলা ছাত্রদলের একাধিক নেতা জানান, খেলাটি ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।