ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) নোয়াখালী সরকারি কলেজ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বিভিন্ন স্লোগানে তারা হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান।

বিক্ষোভ চলাকালে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসাদ আব্দুল্লা সাবিদ বলেন,
“ওসমান হাদি ভাই বলে গিয়েছিলেন— ‘কাল হয়তো আমাকেও মেরে ফেলা হতে পারে, শুধু বিচারটা যেন হয়। তাহলে আমার মতো আরেকজন জন্মাবে প্রতিবাদ করার জন্য।’
আজ আমরা বলছি, হাদি ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের প্রতিবাদী কণ্ঠ আর জন্ম নেবে না।”

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদী। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি মৃত্যুবরণ করেন।