নোয়াখালীতে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ও নোয়াখালীর কৃতি সন্তান নাছির উদ্দিন নাছির। আগামী ১৯ ডিসেম্বর শুক্রবার নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈকত সরকারি কলেজ মাঠে সদর ও সুবর্ণচর উপজেলা ছাত্রদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য “মুক্তিযোদ্ধা শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট ম্যাচ–২০২৫”-এ তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের বীর উত্তম ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে সম্মান জানাতে এ ক্রিকেট প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দিন নাছির ধানের শীষ প্রতীকের বিজয়, বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করবেন।

এ সময় তিনি তারেক রহমানের ঘোষিত নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া উন্নয়নসহ মোট ৮টি সুনির্দিষ্ট পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন বলে জানান আয়োজকরা। পাশাপাশি কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের জন্য আগামীর বাংলাদেশ কেমন হবে—তা নিয়েও দিকনির্দেশনামূলক আলোচনা করা হবে।

সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনায়েতুল ইসলাম বলেন, “বিজয়ের মাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে ধারণ করে এমন একটি আয়োজন সুবর্ণচরের মানুষের জন্য অনুপ্রেরণার। এই ম্যাচের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও ক্রীড়াচর্চা আরও বিকশিত হবে।”

সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহি উদ্দিন মহিম বলেন, “এই ক্রিকেট ম্যাচ শুধু একটি খেলা নয়, এটি আমাদের আদর্শ, ইতিহাস ও ভবিষ্যৎ রাজনীতির বার্তা বহন করবে। আমরা প্রত্যাশা করি, সর্বস্তরের মানুষ মাঠে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সফল করবেন।”

আয়োজকরা জানান, উক্ত খেলায় সর্বস্তরের জনগণকে দলে দলে মাঠে উপস্থিত থেকে অনুষ্ঠান ও খেলা উপভোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।